কিভাবে সুন্দর নোট ও ডকুমেন্ট নিতে হয় তা নিয়ে কথা হচ্ছিল আমাজনে কর্মরত আমার এক সিনিয়র ভাইয়ের সাথে। তার কাছেই জানলাম আমাজনের ডকুমেন্ট করার পদ্ধতি শুনে। তবে একটি কথা জানতে পেরে খুবই অবাক হলাম যে - আমাজনে কোন টিম মিটিং হলে, কোন প্রেজেন্টেশন নয়, বরং উপস্থাপক একটি ডকুমেন্ট প্রিন্ট করে মিটিংয়ে নিয়ে আনেন, এরপরে সবাই মিলে সেটি নিয়ে আলোচনা করেন।
অপরপক্ষে আমাদের সনাতন প্রতিষ্ঠানগুলিতে পাওয়ার পয়েন্ট কিংবা কিনোট সফটওয়্যার খুবই পরিচিত নাম। মিটিংয়ের আগে যিনি উপস্থাপন করবেন তিনি তার ধারণাগুলি সুন্দর করে পাওয়ার পয়েন্টে গুছিয়ে নিয়ে সবার সামনে প্রেজেন্টেশন করেন। তার উপস্থাপন করার পরে আমরা সবাই মিলে সেটি নিয়ে আলোচনা করি। একটু এদিক সেদিক হলেও এটিই মোটামুটি আমাদের প্রায় সকল প্রতিষ্ঠানের মিটিংয়ের একটি ফরম্যাট।
সেখানে আমাজনে এমন কোন প্রেজেন্টেশন নয়, বরং একেবারেই লিখিত রিপোর্ট নিয়ে আলোচনা করাটা একেবারেই বেমানান, একেবারে সাধারণ পদ্ধতির বিপরীত। পরে জানতে পারলাম আমাজনের জেফ বেজোস এই পদ্ধতি প্রচলন করেন। তার কারণ হল অনেকদিন পরে সেই প্রেজেন্টেশনের ফাইলগুলি দেখে মিটিংয়ের আলোচনার বিষয়গুলি বোঝা মুশকিল। কিন্তু একটি ডকুমেন্ট থাকলে, সেটি পড়েই সব কিছুই জানা সম্ভব। সেখানে কিছুই হারিয়ে যাবে না। আমাজনের এই পদ্ধতি সত্যিই গঠনমুলক বলেই মনে হল।
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় সুন্দর ডকুমেন্ট তৈরীর কৌশলটি শিখেছিলাম আমি আমেরিকায়। বিজ্ঞানী হিসাবে গবেষনাগারে আমরা যে সমস্ত জিনিস শিখতাম, উপলব্ধি করতাম তা সুন্দর করে রিপোর্ট করার প্রচলন ছিল আমাদের ল্যাবে। আমেরিকার প্রতিরক্ষা বাহিনী এর ডকুমেন্ট তৈরীর পদ্ধতি সারা বিশ্বে সমাদৃত। সেখান থেকেও বেশ কিছু কৌশল আমি ব্যাক্তিগতভাবে প্রয়োগ করি। তবে আমাজনের মিটিংএ ডকুমেন্ট প্রিন্ট করে আলোচনা করার কৌশলটি বেশ লাগলো।
আপনি কিংবা আপনাদের প্রতিষ্ঠানে কি পদ্ধতি ব্যাবহার করেন? মন্তব্যে শেয়ার করুন।
১১ অক্টোবর ২০২২