চলে এল ফেব্রুয়ারী, ভাষা আন্দোলনের মাস। এই মাসে আসলে একটু বেশী করেই বাংলা ভাষাকে আমরা নতুন করে গুরুত্ব দিই, কোন জায়গাগুলিতে আমাদের আরো বেশী গুরুত্ব দেয়া উচিত এই আলোচনা গুলি এই মাসে একটু বেশীই করি। অনেকেই এই- “ফেব্রুয়ারী মাসে” বেশী গুরুত্ব দেয়াকে কটু চোখে দেখে। তবে আমি ব্যাপারটি ইতিবাচকভাবেই নিই। হোক না হয় একটি বিশেষ মাসেই আলোচনা, তারপরেও তো না হয় সেখান থেকে ভালো কিছু হল, মন্দ তো কিছু হল না। আলোচনা হলে তা বাংলা ভাষার জন্যই ভালো।
এইবার আপনাদেরকে পরিচয় করে দিতে চাই সিঙ্গাপুরে বাংলা স্কুলগুলিকে।
বাংলাদেশের বাহিরে প্রবাসীরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে সেখানে দ্বিতীয়, তৃতীয়, আবার কোথাওবা চতুর্থ প্রজন্ম বসবাস করছে। তবে আমার জানা মতে সিঙ্গাপুরই একমাত্র দেশ যেখানে স্কুল-কলেজের মূল কারিকুলামেই মাতৃভাষা বাংলা শেখে।
মোটাদাগে বললে সিঙ্গাপুরে দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, (১) মূল সরকার পরিচালিত (২) বেসরকারি। বেসরকারি স্কুল কলেজগুলি ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন কারিকুলাম অনুযায়ি পড়ায়। তবে সরকারি পরিচালিত স্কুলগুলিতে মাতৃভাষা (বা পিতৃভাষা) শেখা বাধ্যতামূলক (*কিছু বিশেষ ব্যতিক্রম ছাড়া)। সিঙ্গাপুরে সরকারি স্কুলগুলিতে বাংলা ভাষা পড়ান হয় Non-Tamil ভাষার আয়তায় যেখানে মোট পাঁচটি শেখান হয়। সেইগুলি হল: বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি এবং উর্দু।
শিক্ষা মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনে BTTSAL (Board of Teaching and Testing of South Asian languages) নামে একটি প্রতিষ্ঠান এই পাঁচটি ভাষার জন্য কাজ করে। এই প্রতিষ্ঠান থেকেই শিক্ষক নিয়োগ, ট্রেনিং এবং স্কুল পরিচালনা করা হয়। বর্তমানে সিঙ্গাপুরে বাংলা ভাষা শেখার জন্য দুটি প্রতিষ্ঠান রয়েছে। একটির নাম BLLS (Bangla Language and Literary Society) এবং অপরটি হল Bangladesh Language and Cultural Foundation ।
(চলবে)