দীর্ঘ প্রবাস জীবনে যখন হাপিয়ে উঠছিলাম তখন ২০০৭ থেকে ২০১০ এ বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলাম। আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সেটি। অনেক ছাত্র-ছাত্রীদের সরাসরি গড়ে তোলার এবং গাইড করার সুযোগ হয়েছিল। এরপরে সিঙ্গাপুরে চলে এলেও, আমার ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ আছে। এখন আমিই বরং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি, তাদের অভিজ্ঞতা থেকে, তাদের জীবন থেকে, এবং কেউ কেউ সিঙ্গাপুরে এলে আড্ডা মারি। আমার ছাত্র-ছাত্রীরা যখন ভালো করে তখন সত্যিই মনটা এত ভালো লাগায় ভরে উঠে যা টাকা দিয়ে কেনা যায়না।

আজকের সবার মধ্যে থেকে পরিচয় করে দেব, আমারই এক প্রিয় ছাত্র- সৌরভ ধর। অনেকের মাঝে সে একেবারেই অনন্য। সবাই যখন চাকুরীর পিছনে দৌড়াচ্ছে, সে তখন নিজেই তৈরি করেছে R&D প্রতিষ্ঠান, যেখানে সে বিভিন্ন ধরনের স্বাস্থ্যক্ষেত্রের জন্য Redkite নামে সলিউশন তৈরি করছে। এই সলিউশন ব্যবহৃত হচ্ছে দিনাজপুরের কিছু হাসপাতালে। তার কাছে প্রায়ই গল্প শুনি কিভাবে সে হাসপাতালে স্টাফদের সাথে বসে বসে তাদের সমস্যাগুলো প্রযুক্তি দিয়ে সমাধান করার চেষ্টা করছে।

স্টার্টআপ সফল করার অনেকগুলি মডেল আছে। তবে দুটি মডেল সবথেকে প্রচলিত, প্রথমটি হল- ইনভেস্টটরদের কাছ থেকে অর্থ নিয়ে এগিয়ে যাওয়া এবং দ্বিতীয় টি হল বুটস্ট্রাপিং মডেল, যেখানে কাস্টোমারদের সার্ভিস দিয়েই সেই অর্থেই প্রতিষ্ঠান টি বড় হয়। আমি একে বলি Grow With Customer মডেল। কাইটসল্যাব হল দ্বিতীয় মডেলের। এই মডেলের সুবিধা হল এর agility অর্থাত প্রয়োজনের সাথে সাথে তাদের সলিউশনগুলি পরিবর্তিত হয় এবং দীর্ঘ মেয়াদীতে একটি টেকসই সিস্টেমে পরিণত হয়।

এছাড়া তার আরেকটি সলিউশন হল Greenkite যা বিভিন্ন ধরনের সেন্সর নিয়ে কাজ করে এবং Spacekite যা স্যাটেলাইট এবং মহাকাশ নিয়ে কাজ করে।

প্রতি বছর বাংলাদেশে বেড়াতে গেলে এই স্বপ্নবাজ ছেলেটার সাথে দেখা করতে ভুলি না। এরা আছে বলেই তো বাংলাদেশ আছে। আর তার স্বপ্নের সাথে আমিও জড়িয়ে আছি - তা ভাবতেই ভালো লাগে।

https://kiteslab.com/